যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে নতুন করে বড় ধরনের হামলা না চালাতে সৌদি আরবসহ কয়েকটি উপসাগরীয় দেশ তাঁকে অনুরোধ করেছে। দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে আপাতত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করা থেকে বিরত রয়েছেন বলে জানিয়েছেন তিনি। একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদন সক্ষমতা ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ক্রীড়া সম্প্রচারক ও উপস্থাপক স্টিফেন এ স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সৌদি আরবের পাশাপাশি কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কথাও উল্লেখ করেন।
সৌদি আরবের অনুরোধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটি তাঁকে আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে। তাঁর ভাষায়, সৌদি আরব চায় পরিস্থিতি কিছুদিন এভাবেই চলুক। একই সঙ্গে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও আরও কিছুদিন অপেক্ষা করার পক্ষে বলে দাবি করেন তিনি।
ইরানে সম্ভাব্য সামরিক হামলার ব্যাপারে নিজের সক্ষমতার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এক দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে পারে। পরের দিন দেশটির সেতু এবং তৃতীয় দিনে উৎপাদন সক্ষমতা ধ্বংস করা সম্ভব। এভাবে পুরো অভিযান শেষ করতে তাঁর মাত্র তিন দিন লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে ইতোমধ্যে উল্লেখযোগ্য সামরিক অভিযান চালানো হয়েছে। তবে দেশটির জ্বালানি অবকাঠামো, অধিকাংশ সেতু এবং উৎপাদন খাতের গুরুত্বপূর্ণ অংশে এখনো বড় ধরনের হামলা চালানো হয়নি। উপসাগরীয় মিত্রদের অনুরোধের কারণেই আপাতত আরও বড় আকারের সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে জানান তিনি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর সম্পর্ক এবং উপসাগরীয় দেশগুলোর ওপর ওয়াশিংটনের প্রভাব নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেশটি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি, জ্বালানি খাত ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাব পড়েছে উপসাগরীয় অঞ্চলেও। বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক বাণিজ্যের জন্য ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে তেল ও গ্যাস রপ্তানির ওপর নির্ভরশীল দেশগুলোর জন্য পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ট্রাম্প দাবি করেছেন, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের বড় বিনিয়োগকারী। দেশগুলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে এবং তাদের সঙ্গে ওয়াশিংটনের অর্থনৈতিক সম্পর্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আঞ্চলিক মিত্রদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ নতুন করে শুরু করার পরিকল্পনা নেই বলে জানানো হয়েছে। তবে হরমুজ প্রণালিকে ঘিরে অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কৌশল নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পরবর্তী সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ কী হয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই, জেরুজালেম পোস্ট, ডন
