কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দু'টি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় সর্বমোট আনুমানিক পনেরো লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা সিজার মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বিজিবি।
রবিবার (১৫ নভেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা হাড়াভাঙ্গা মাঠ নামক স্থানে এ অভিযান চালায় বিজিবির একটি টহল দল।
এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ২০ বোতল মদ এবং ৪,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট
যার আনুমানিক সিজার মূল্য বারো লক্ষ ত্রিশ হাজার টাকা।
অপরদিকে, একই তারিখ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর মাঠ নামক স্থানে অপর একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯ বোতল মদ, ৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৬০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৩০ পিস চকলেট বাজি এবং ৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য তিন লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা।
বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রাখা হয়েছে । মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
