Sunday, November 15, 2026
25 C
Dhaka

মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা অঞ্চলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে সৌদি আরবের ভূখণ্ড...
Homeআন্তর্জাতিকজার্মানির স্টুডেন্ট ভিসায় চালু হচ্ছে ডিজিটাল আবেদন

জার্মানির স্টুডেন্ট ভিসায় চালু হচ্ছে ডিজিটাল আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। শিক্ষার্থী ভিসার আবেদন প্রক্রিয়া সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে চালু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল আবেদন ব্যবস্থা। নতুন নিয়মে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।

রোববার (১৫ নভেম্বর) জার্মান দূতাবাসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের ডিজিটাল কনস্যুলার সেবা পোর্টালের মাধ্যমে নতুন এ কার্যক্রম পরিচালিত হবে। দূতাবাস জানিয়েছে, পুরোনো আবেদন ও সাক্ষাৎকারের অপেক্ষমাণ তালিকার পরিবর্তে নতুন ব্যবস্থায় আবেদন গ্রহণ করা হবে।

নতুন ব্যবস্থায় শিক্ষার্থীরা দূতাবাসে সরাসরি যাওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় সব কাগজপত্র আপলোড করতে পারবেন। এরপর দূতাবাসের নিয়োগ করা সেবাদানকারী প্রতিষ্ঠান ভিএফএস জমা দেওয়া নথিপত্রের প্রাথমিক যাচাই করবে। এতে আবেদনপত্রে কোনো ঘাটতি থাকলে আগেই তা সংশোধনের সুযোগ পাওয়া যাবে।

প্রাথমিক যাচাই শেষে নির্ধারিত সাক্ষাৎকারের দিনে আবেদনকারীদের দূতাবাস বা সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হতে হবে। তখন মূলত আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ, ভিসার ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্রের চূড়ান্ত যাচাই করা হবে। ফলে সরাসরি উপস্থিতির সময় কম লাগবে বলে আশা করছে দূতাবাস।

নতুন ব্যবস্থার আরেকটি সুবিধা হলো, আবেদনকারীরা অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবেও আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।

পুরোনো অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের জন্য সতর্কতা

নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর অংশ হিসেবে পুরোনো পদ্ধতির সাক্ষাৎকারের অপেক্ষমাণ তালিকা ২০২৬ সালের শেষ নাগাদ বন্ধ করে দেওয়া হবে। ফলে আগে থেকে নিবন্ধন করে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে।

দূতাবাস জানিয়েছে, পুরোনো তালিকায় থাকা নিবন্ধনগুলো নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে না। তাই যেসব শিক্ষার্থী আগে নিবন্ধন করেছেন, তাঁদেরও নতুন পোর্টালে অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে আবেদন জমা দিতে হবে।

তবে নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া সহজ ও অপেক্ষার সময় কমানোর লক্ষ্য থাকলেও প্রত্যেক আবেদনকারীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে নির্দিষ্ট কত দিন লাগবে, তা নিশ্চিত করা হয়নি। আবেদনকারীর পরিস্থিতি ও প্রয়োজনীয় যাচাইয়ের ওপর প্রক্রিয়াকরণের সময় নির্ভর করবে বলে জানিয়েছে দূতাবাস।

নতুন আবেদন ব্যবস্থা চালু হলে জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: জার্মান দূতাবাস, ঢাকা