Sunday, November 15, 2026
25 C
Dhaka

মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা অঞ্চলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে সৌদি আরবের ভূখণ্ড...
Homeজাতীয়ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

আসন্ন গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং ও বিদ্যুৎ-সংকট মোকাবিলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে রুফটপ সোলার থেকে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ জোরদার করা হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া সম্মেলন কক্ষে রুফটপ সোলার বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।

সভায় বিদ্যুৎসচিব বলেন, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সংকট, গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষ, শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ থেকে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নিয়ে সরকার একটি কৌশলপত্র প্রণয়ন করেছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি আসন্ন গ্রীষ্মে বিদ্যুৎ-সংকটের চাপ কমাতে স্বল্পমেয়াদি উদ্যোগ হিসেবে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে।

দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তুলে ধরে মিরানা মাহরুখ বলেন, সারা দেশে প্রায় ১ কোটি ৬৩ লাখ ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব ছাদের অর্ধেক অনুপযুক্ত হলেও অবশিষ্ট ছাদগুলো থেকে প্রায় ৩৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জমির স্বল্পতার কারণে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন বিদ্যুৎসচিব। তাঁর ভাষ্য, উপযুক্ত একটি ছাদে মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা সম্ভব। ফলে বিদ্যমান ভবনগুলোর ছাদ ব্যবহার করেই নতুন জমি অধিগ্রহণ ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে।

সৌরবিদ্যুৎ স্থাপনে নিরাপত্তা ঝুঁকির বিষয়েও সভায় আলোচনা হয়। এ প্রসঙ্গে বিদ্যুৎসচিব বলেন, যেকোনো উদ্যোগে কিছু ঝুঁকি থাকলেও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে তা মোকাবিলা করা সম্ভব। সৌরবিদ্যুৎ স্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রমে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা দেবে। একই সঙ্গে বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব নিরাপত্তাব্যবস্থাও জোরদার করতে হবে।

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের ফলে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য হারে কমেছে বলেও সভায় উল্লেখ করা হয়। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বিদ্যুৎসচিব।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, বিদ্যুৎ বিভাগের উপসচিব সাইফুল ইসলাম এবং বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রায়হান উদ্দিন মোরাদ।

সভায় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সরকারি দপ্তরের প্রধান, সংশ্লিষ্ট অংশীজন এবং সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ১৩০ জন অংশ নেন। সেখানে রুফটপ সোলার স্থাপনের অগ্রগতি, সম্ভাবনাময় ছাদ চিহ্নিতকরণ, বিনিয়োগ এবং নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট উৎপাদনের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে আসন্ন গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে এ লক্ষ্য অর্জনে নির্ধারিত সময়ের মধ্যে সম্ভাবনাময় ছাদ চিহ্নিত করা, বিনিয়োগ নিশ্চিত করা এবং স্থাপনা কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ হবে।