Sunday, November 15, 2026
25 C
Dhaka

ইরানে কর্মীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬

ইরানের পশ্চিমাঞ্চলে তেল ও গ্যাস প্রতিষ্ঠানের কর্মীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের...
Homeআন্তর্জাতিকযুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে ড্রোন, বাড়তি সতর্কতা

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে ড্রোন, বাড়তি সতর্কতা

যুক্তরাজ্যের আরএএফ ল্যাকেনহিথ বিমানঘাঁটির আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর নিরাপত্তা জোরদার করেছে মার্কিন বিমানবাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এতে ঘাঁটির কোনো সেনা, বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি বলে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যার দিকে ঘাঁটির আকাশে অননুমোদিত ড্রোনের উপস্থিতি টের পান নিরাপত্তাকর্মীরা। এরপর দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ঘাঁটিতে অবস্থানরত সবার নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে কাজ করছে।

মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পরপরই নিরাপত্তারক্ষীরা প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এ ঘটনায় ঘাঁটির কোনো সদস্য বা স্থাপনার ক্ষতি হয়নি।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ঘটনাটি নিশ্চিত করেছে। তাদের ভাষ্য, মার্কিন নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ড্রোনটি কোথা থেকে এসেছে এবং এর পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর আগে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্যে অবস্থানরত নিজেদের বোমারু বিমান ও জ্বালানি সরবরাহকারী বড় বিমান জার্মানিতে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছিল।

গত ২৭ সেপ্টেম্বর মধ্যরাতে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে একটি সাদা ভ্যানে করে কয়েকজনের উপস্থিতি ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। ওই ঘটনায় দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাঁদের একজন ইরানি গোয়েন্দাদের হয়ে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আটক ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্য ওই ঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিলেন বলেও জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

ব্রিটিশ গোয়েন্দা প্রধান গত অক্টোবরেও সতর্ক করেছিলেন, ইরান যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা চালাচ্ছে। তবে তেহরান এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

যুক্তরাজ্যের বাইরেও ইউরোপের বিভিন্ন দেশে ড্রোন ঘিরে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। গত আগস্টে জার্মানির একটি বিমানবন্দরে বিস্ফোরক বহনকারী ড্রোন পাওয়ার কথা জানানো হয়। এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মান সরকার।

ল্যাকেনহিথ ঘাঁটির আকাশে ড্রোন শনাক্তের ঘটনায় নতুন করে সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ড্রোনটির উৎস ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

সূত্র: রয়টার্স