Friday, November 13, 2026
27 C
Dhaka

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি

বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ আপাতত স্থগিত করা হয়েছে। দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হবে...
Homeঅন্যান্যহিমু, মিসির আলী থেকে শুভ্র হুমায়ূন আহমেদের চরিত্রগুলো আজও পাঠকের মনে বেঁচে...

হিমু, মিসির আলী থেকে শুভ্র হুমায়ূন আহমেদের চরিত্রগুলো আজও পাঠকের মনে বেঁচে আছে

বাংলা সাহিত্যে অসংখ্য জনপ্রিয় চরিত্রের স্রষ্টা হুমায়ূন আহমেদ। তাঁর উপন্যাসের হিমু, মিসির আলী, শুভ্র, রূপা কিংবা জরি—প্রতিটি চরিত্রের রয়েছে আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য। তারা দেখতে-শুনতে আমাদের চারপাশের সাধারণ মানুষের মতো হলেও চিন্তাভাবনা, কথাবার্তা ও আচরণে অনেক সময় হয়ে ওঠে অদ্ভুত ও রহস্যময়। পাঠক কখনো তাদের দেখে হাসেন, কখনো বিস্মিত হন, আবার কখনো নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পান। এ কারণেই বইয়ের পাতা পেরিয়ে হুমায়ূনের চরিত্রগুলো জায়গা করে নিয়েছে মানুষের বাস্তব জীবনেও।

হুমায়ূন আহমেদের প্রথম দিকের উপন্যাসগুলোর চরিত্রের সঙ্গে পরবর্তী সময়ের চরিত্রগুলোর কিছুটা পার্থক্য দেখা যায়। তাঁর প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশিত হয় ১৯৭২ সালে। এরপর ‘শঙ্খনীল কারাগার’, ‘সৌরভ’ ও ‘ফেরা’র মতো উপন্যাসে তিনি মধ্যবিত্ত পরিবারের জীবন, সম্পর্ক, আবেগ ও বাস্তবতার নানা দিক তুলে ধরেছেন। এসব উপন্যাসের চরিত্রগুলো তুলনামূলকভাবে বাস্তব জীবনের মানুষের কাছাকাছি। পরবর্তী সময়ে নাটক ও জনপ্রিয় ধারার উপন্যাসে তাঁর সৃষ্ট চরিত্রগুলোতে রহস্য, অদ্ভুত আচরণ ও ব্যতিক্রমী চিন্তার প্রকাশ আরও বেশি দেখা যায়।

হুমায়ূন আহমেদের সবচেয়ে জনপ্রিয় তিন চরিত্রের মধ্যে রয়েছে হিমু, মিসির আলী ও শুভ্র। তিনজনের চিন্তাভাবনা ও জীবনদর্শন একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা। মিসির আলী যুক্তিনির্ভর মানুষ। কোনো রহস্য বা অস্বাভাবিক ঘটনা সামনে এলে তিনি আবেগের বদলে যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে তার ব্যাখ্যা খোঁজেন। ১৯৮৫ সালে প্রকাশিত ‘দেবী’ উপন্যাসের মধ্য দিয়ে পাঠকের সামনে আসে এই চরিত্র।

অন্যদিকে, হিমু যেন মিসির আলীর সম্পূর্ণ বিপরীত। প্রচলিত সামাজিক নিয়ম, যুক্তি কিংবা জীবনের হিসাব-নিকাশ তাকে খুব একটা আটকে রাখতে পারে না। হলুদ পাঞ্জাবি পরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, মানুষের সঙ্গে অদ্ভুত আচরণ করা এবং রহস্যময় কথা বলাই তার স্বভাব। ১৯৯০ সালে প্রকাশিত ‘ময়ূরাক্ষী’ উপন্যাসে প্রথম হিমুর আবির্ভাব ঘটে। হিমুর কাছে জীবনের অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে প্রশ্নের মধ্যেই বেঁচে থাকা যেন বেশি গুরুত্বপূর্ণ।

শুভ্র আবার অন্য রকম। পরিচ্ছন্ন চিন্তা, সরলতা, মানবিকতা ও শুদ্ধতার প্রতীক হিসেবে এই চরিত্রকে গড়ে তুলেছেন লেখক। ‘শাদা গাড়ি’ ছোটগল্পে শুভ্র চরিত্রের প্রাথমিক পরিচয় পাওয়া যায়। পরে ‘দারুচিনি দ্বীপ’ উপন্যাসে চরিত্রটি পূর্ণতা পায়। হিমুর অস্থিরতা কিংবা মিসির আলীর যুক্তিনির্ভর কঠোরতার বাইরে শুভ্রর রয়েছে নিজস্ব কোমল জগৎ।

তবে হুমায়ূন আহমেদের সব চরিত্রই যে অদ্ভুত, তা নয়। মুক্তিযুদ্ধ, ইতিহাস কিংবা সাধারণ মানুষের জীবন নিয়ে লেখা তাঁর অনেক উপন্যাস ও ছোটগল্পে বাস্তবধর্মী চরিত্রের দেখা মেলে। বৈজ্ঞানিক কল্পকাহিনিতেও তিনি পরিচিত মানুষের আবেগ, সম্পর্ক ও জীবনসংগ্রামকে গুরুত্ব দিয়েছেন। ফলে তাঁর সাহিত্যভুবন শুধু হিমু বা মিসির আলীর মতো জনপ্রিয় চরিত্রে সীমাবদ্ধ নয়।

তাঁর চরিত্রগুলোর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সংলাপ বলার ধরন। তারা অনেক সময় থেমে থেমে কথা বলে, অল্প কথায় গভীর অর্থ প্রকাশ করে কিংবা এমন প্রশ্ন করে, যার উত্তর সহজে পাওয়া যায় না। নারী চরিত্রগুলোও অনেক ক্ষেত্রে সাহসী, বুদ্ধিমান ও রহস্যময়। সাধারণ পরিস্থিতিতেও তারা এমন সিদ্ধান্ত নেয়, যা অন্য চরিত্রকে ভাবিয়ে তোলে। পরিবারের বাবা-মা, আত্মীয়স্বজন কিংবা বাড়ির কাজের লোকেরাও তাঁর লেখায় স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়।

এই চরিত্রগুলোর প্রভাব শুধু পাঠকের কল্পনায় সীমাবদ্ধ থাকেনি। বিশেষ করে তরুণদের মধ্যে হিমুর প্রতি আলাদা আকর্ষণ তৈরি হয়েছে। হলুদ পাঞ্জাবি পরা, জোছনা রাতে হাঁটা কিংবা প্রচলিত জীবনধারার বাইরে থাকার মধ্যে কেউ কেউ খুঁজে নিয়েছেন হিমুর জীবনদর্শন। হিমু পরিবহন নামে তরুণদের একটি সংগঠনও গড়ে উঠেছে। জোছনা উৎসবসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে হুমায়ূনের সৃষ্ট চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে আলাদা সাংস্কৃতিক আবহ।

প্রশ্ন উঠতে পারে, হুমায়ূন আহমেদ কি এসব চরিত্র বাস্তব মানুষদের কাছ থেকে নিয়েছিলেন, নাকি সবই তাঁর কল্পনা? তাঁর বিভিন্ন সাক্ষাৎকারে বাস্তব অভিজ্ঞতা ও কল্পনার মিশ্রণে চরিত্র তৈরির কথা উঠে এসেছে। তাঁর মা আয়েশা ফয়েজের বক্তব্যেও ছেলের লেখায় পরিচিত মানুষের ছায়া খুঁজে পাওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। আসলে মানুষের স্বভাব, আচরণ, দুর্বলতা, আবেগ ও অস্বাভাবিকতার নানা দিক পর্যবেক্ষণ করেই তিনি চরিত্রগুলোকে প্রাণবন্ত করে তুলেছেন।

হুমায়ূন আহমেদের চরিত্রগুলো জনপ্রিয় হওয়ার পেছনে সম্ভবত এটাই বড় কারণ। তারা একদিকে আমাদের পরিচিত মানুষের মতো, অন্যদিকে তাদের মধ্যে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য, যা বাস্তব জীবনে সহজে দেখা যায় না। কখনো তারা হাসায়, কখনো ভাবায়, কখনো নিজের জীবনকে নতুন করে দেখতে শেখায়। তাই হিমু, মিসির আলী কিংবা শুভ্র শুধু উপন্যাসের চরিত্র নন; তাঁরা বাংলা ভাষাভাষী পাঠকের কল্পনা, আবেগ ও সাংস্কৃতিক স্মৃতিরও অংশ।