জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দিতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করতে হবে। জলবায়ু সংকট সৃষ্টিতে বাংলাদেশ সবচেয়ে কম অবদান রেখেও ভয়াবহ ক্ষতিকর প্রভাবের শিকার হচ্ছে। জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বৈশ্বিক সংহতি কর্মসূচির সাইকেল র্যালি, মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব দাবি জানান।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উদয়ন যুব সংঘ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১১টায় অনুষ্ঠিত সাইকেল র্যালি, মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন ধরা’র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। সমাবেশে বক্তব্য দেন ধরা’র নেত্রী কমলা সরকার, উদয়ন যুব সংঘের জানে আলম বাবু, ওয়াটারকিপার্স বাংলাদেশের মেহেদী হাসান, ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, পশুর রিভার ওয়াটারকিপার সংগঠক অসীমা মন্ডল ও বৃষ্টি সরকার প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য তথাকথিত উন্নত বিশ্বকে ঋণের পরিবর্তে অনুদান প্রদান করতে হবে। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা, অভিযোজন এবং জলবায়ু সংকট সমাধানে অর্থায়ন নিশ্চিত করতে হবে। সুন্দরবন বিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ সব জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ন্যায্য রূপান্তর ঘটাতে হবে।
ধরা’র নেত্রী কমলা সরকার বলেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ২০৫০ সালের মধ্যে প্রকৃত শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে হবে।
ওয়াটারকিপার্স বাংলাদেশের মেহেদী হাসান বলেন, পরিবেশবিধ্বংসী বৃহৎ শিল্পভিত্তিক কৃষি এবং ভূমি, পানি ও বীজের ওপর করপোরেট একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। স্থানীয় বীজ, ঐতিহ্যগত ও আদিবাসী জ্ঞান, পরিবেশবান্ধব কৃষি, জলবায়ু সহনশীল খাদ্য উৎপাদন এবং শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।
উদয়ন যুব সংঘের জানে আলম বাবু বলেন, জলবায়ুর অভিঘাত থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করতে হবে। নদী, সমুদ্র, বন, ভূমি, মাটি, প্রাণী ও জীববৈচিত্র্যের অধিকার নিশ্চিত করতে হবে এবং ব্যাপক পরিবেশ ধ্বংসকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
উল্লেখ্য, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ‘গ্লোবাল ডে অব অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস’ শীর্ষক বৈশ্বিক সংহতি কর্মসূচির অংশ হিসেবে মোংলায় এ সাইকেল র্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বৈশ্বিক সংহতি কর্মসূচিতে জলবায়ু উদ্বাস্তু, জেলে, বনজীবী ও নদীভাঙনকবলিত মানুষ অংশগ্রহণ করেন।
