Sunday, November 15, 2026
25 C
Dhaka

কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব থেকে উপগ্রন্থাগারিক মাহমুদুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেনকে অতিরিক্ত...
Homeআন্তর্জাতিক২০২৭ সালে ভ্রমণে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা

২০২৭ সালে ভ্রমণে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা

ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে ২০২৭ সালের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে কানাডা। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশনের (বিএইচটিপি) বার্ষিক তালিকায় গত বছরের পঞ্চম অবস্থান থেকে চার ধাপ এগিয়ে প্রথম হয়েছে দেশটি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

গত ২৮ অক্টোবর প্রকাশিত ২০২৭ সালের নিরাপদ ভ্রমণ গন্তব্যের তালিকায় বিশ্বের ১৫টি দেশের নাম রয়েছে। পর্যটকদের অভিজ্ঞতা, বিভিন্ন দেশে তাঁদের নিরাপত্তাবোধ এবং আন্তর্জাতিক নিরাপত্তাসংক্রান্ত তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

এবারের মূল্যায়নে শুধু অপরাধ ও সন্ত্রাসবাদ থেকে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয়নি। নারীদের নিরাপত্তা, সংখ্যালঘু ও এলজিবিটিকিউআইএ+ পর্যটকদের প্রতি আচরণ, স্বাস্থ্যসেবা, প্রাকৃতিক দুর্যোগ এবং সংশ্লিষ্ট দেশগুলোর ভূরাজনৈতিক পরিস্থিতিও গুরুত্ব পেয়েছে।

কানাডা এবার নারী, সংখ্যালঘু ও এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে বিশেষভাবে ভালো মূল্যায়ন পেয়েছে। এসব বিষয় দেশটির শীর্ষস্থান অর্জনে ভূমিকা রেখেছে। গত বছরের তালিকায় প্রথম স্থানে থাকা নেদারল্যান্ডস এবার নেমে নবম অবস্থানে রয়েছে।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আইসল্যান্ড এবং পঞ্চম স্থানে জাপান। এরপর রয়েছে অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও পর্তুগাল। শীর্ষ ১৫ দেশের তালিকায় ইউরোপের দেশগুলোর পাশাপাশি এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের কয়েকটি দেশও জায়গা পেয়েছে।

ভ্রমণের জন্য বিশ্বের শীর্ষ ১৫ নিরাপদ দেশ

বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশনের ২০২৭ সালের তালিকা অনুযায়ী, নিরাপদ ভ্রমণ গন্তব্যের শীর্ষ ১৫ দেশ হলো—

1. কানাডা

2. নিউজিল্যান্ড

3. অস্ট্রেলিয়া

4. আইসল্যান্ড

5. জাপান

6. অস্ট্রিয়া

7. আয়ারল্যান্ড

8. নেদারল্যান্ডস

9. ডেনমার্ক

10. পর্তুগাল

11. নরওয়ে

12. সুইজারল্যান্ড

13. ইতালি

14. স্পেন

15. জার্মানি

তবে এই তালিকাকে বিশ্বের সব পর্যটকের জন্য নিরাপত্তার চূড়ান্ত মানদণ্ড হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, এর মূল ভিত্তি বিভিন্ন দেশে ভ্রমণ করা মার্কিন পর্যটকদের অভিজ্ঞতা ও নিরাপত্তাবিষয়ক ধারণা। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সূচক ও তথ্যও মূল্যায়নে যুক্ত করা হয়েছে।

সূত্র: বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন