Sunday, November 15, 2026
25 C
Dhaka

কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব থেকে উপগ্রন্থাগারিক মাহমুদুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেনকে অতিরিক্ত...
Homeআন্তর্জাতিকহরমুজে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক, ১৩৪ সামুদ্রিক সংঘাত

হরমুজে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক, ১৩৪ সামুদ্রিক সংঘাত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের আশপাশের জলসীমায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। একই সময়ে বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে ১৩৪টি নিশ্চিত নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। আইএমওর হিসাব অনুযায়ী, গত ১১ নভেম্বর পর্যন্ত এসব হতাহতের ঘটনা ও সংঘাতের তথ্য পাওয়া গেছে।

খালেদ খিয়ারি বলেন, হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে বাণিজ্যিক জাহাজের ওপর সবচেয়ে বেশি নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে গত অক্টোবরে। এ পরিস্থিতিকে কোনোভাবেই নতুন স্বাভাবিক বাস্তবতা হিসেবে মেনে নেওয়া যায় না। অঞ্চলটিতে অবাধ ও স্বাভাবিক নৌ চলাচল পুরোপুরি পুনরুদ্ধার করতে হবে।

আইএমওর তথ্য অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত জলসীমায় ১৩৪টি নিশ্চিত সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু অক্টোবরে ৩৫টি এবং নভেম্বরের প্রথম ১১ দিনে ১০টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

খালেদ খিয়ারি বলেন, প্রতিদিনই নতুন নতুন সামুদ্রিক ঘটনার খবর আসছে। বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযানকে কখনোই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। এসব হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

জাতিসংঘের এই সতর্কবার্তার মধ্যেই শনিবার ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, হরমুজ প্রণালির নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত এলাকায় চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়েছে। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়। তবে এ দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।

ইরান জানিয়েছে, যুদ্ধ চলাকালে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য দেশটির অনুমতি নিতে হবে। নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটির নৌবাহিনী। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, প্রণালির পূর্ব দিকে নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী ট্যাংকার নৌমাইনের আঘাতে আগুনে পুড়বে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, তারা হরমুজ প্রণালির প্রধান নৌপথ থেকে মাইন অপসারণ করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পথটি উন্মুক্ত রয়েছে।

তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হবে না। এসব দাবির মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।

জাতিসংঘের সহকারী মহাসচিব সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সামুদ্রিক পরিস্থিতি ব্যয়বহুল, অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নৌ চলাচলে বিঘ্নের কারণে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। বাড়ছে জ্বালানি, পরিবহন ও বিমা ব্যয়। এর ফলে মূল্যস্ফীতির চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি সার পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বৈশ্বিক খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

সূত্র: জাতিসংঘ