সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ছয়জন বাংলাদেশি নাগরিকসহ এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাতে উপজেলার বাঁশতলা সীমান্ত পিলার ১২৩১/৪-এস-এর কাছাকাছি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন বাঁশতলা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। ভোররাতে সীমান্ত পিলার ১২৩১/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘শহীদ মিনার’ নামক স্থানে ভারত থেকে একদল ব্যক্তিকে অবৈধভাবে সীমানা পেরিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন। পরে ঘটনাস্থল থেকে ছয়জন বাংলাদেশি নাগরিক এবং তাঁদের অবৈধভাবে পারাপারে সহায়তার অভিযোগে এক স্থানীয় মানব পাচারকারীকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচার চক্রের সঙ্গে জড়িত অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজিবি জানায়, আটক ছয় বাংলাদেশির মধ্যে দুজনের বাড়ি গোপালগঞ্জ এবং চারজনের বাড়ি মাদারীপুর জেলায়। তাঁরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে অবস্থান করে বিভিন্ন কাজকর্ম করে আসছিলেন। তবে তাঁরা কোন উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে পুনরায় সীমান্ত পেরিয়ে দেশে ফিরছিলেন এবং এর সঙ্গে কোনো অপতৎপরতা জড়িত কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানব পাচার প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া মাদক, অবৈধ অস্ত্র ও সব ধরনের চোরাচালান রোধে আধুনিক প্রযুক্তির ড্রোন নজরদারি, সীমান্তে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।
