Sunday, November 15, 2026
22 C
Dhaka

আইটি পেশাজীবীদের বিদেশে চাকরির সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে

তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে দক্ষ পেশাজীবীদের জন্য বিদেশে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও বিদেশি কর্মীদের ভিসা নিয়ে অনিশ্চয়তার...
Homeআন্তর্জাতিকছবি-ভিডিও ব্যবহারের অভিযোগে মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা

ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগে মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা

ব্যবহারকারীদের স্পষ্ট অনুমতি ছাড়াই স্মার্টফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালি। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ গারান্তে শনিবার (১৪ নভেম্বর) এ জরিমানার ঘোষণা দেয়। ডলারে জরিমানার পরিমাণ প্রায় ৮৮৭ মিলিয়ন।

গারান্তের অভিযোগ, অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপ ব্যবহারের সময় ব্যবহারকারীদের সংরক্ষিত ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট তথ্য ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মতি নেওয়া হয়নি। এমনকি কী ধরনের তথ্য ব্যবহার করা হতে পারে, সে বিষয়েও ব্যবহারকারীদের পরিষ্কারভাবে জানানো হয়নি।

ফেসবুকের ‘গ্যালারি থেকে পোস্টের পরামর্শ’ নামের একটি সুবিধাকে কেন্দ্র করে এ অভিযোগ উঠেছে। সুবিধাটি চালু থাকলে ফেসবুক ব্যবহারের সময় ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্ট করার পরামর্শ দেখানো হয়। ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের মতে, এ প্রক্রিয়া ইউরোপীয় ইউনিয়নের ই-প্রাইভেসি নির্দেশনা বাস্তবায়নে প্রণীত ইতালির আইন লঙ্ঘন করেছে।

গারান্তে জানিয়েছে, ব্যবহারকারীদের সম্মতি নেওয়ার প্রক্রিয়া ছিল অস্পষ্ট ও সাধারণ ধরনের। ফলে সম্মতি দেওয়ার মাধ্যমে তাঁরা ঠিক কোন তথ্য ব্যবহারের অনুমতি দিচ্ছেন, তা স্পষ্টভাবে বুঝতে পারেননি। তা ছাড়া সুবিধাটি আগে থেকেই চালু রাখা হয়েছিল।

কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ সুবিধার কারণে ইতালিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। এ কারণে সম্মতি চাওয়ার নোটিশ আরও স্পষ্ট করা এবং সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে চালু রাখার ব্যবস্থা বন্ধ করতে মেটাকে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

জরিমানার সিদ্ধান্তে মেটার অসহযোগিতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে গারান্তে। পাশাপাশি ২০১৯ সালে একই ধরনের লঙ্ঘনের ঘটনায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করার বিষয়টিও এবারের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

৮০৫ মিলিয়ন ইউরোর এ জরিমানা মেটার বৈশ্বিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪৭ শতাংশের সমান। তবে ব্যবহারকারীদের ছবি ও ভিডিও সংগ্রহের পর সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করেনি ইতালির কর্তৃপক্ষ। এ ধরনের ব্যবহারের অভিযোগ অবশ্য মেটা অস্বীকার করে আসছে।

এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইতালির নিয়ন্ত্রক সংস্থার জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির।

সূত্র: আল জাজিরা