গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের অবস্থান দ্রুত শনাক্ত করতে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে এ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।
এ জন্য স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) স্যাটেলাইট বসানোর পরিকল্পনা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। পরিকল্পনা অনুযায়ী, চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলা হবে।
বিএসসিএলের কর্মকর্তারা জানান, বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। এই বিস্তৃত জলসীমায় বিপুল মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও নিয়মিত নজরদারি এখনো বড় চ্যালেঞ্জ। প্রস্তাবিত ব্যবস্থা চালু হলে উপকূল থেকে অনেক দূরে অবস্থানরত নৌযানেরও অবস্থান শনাক্ত ও গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
এ ব্যবস্থায় পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকা একটি স্যাটেলাইট পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবার পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে। এতে কোন এলাকায় কতগুলো নৌযান চলাচল করছে, কোথায় মাছ ধরার তৎপরতা বেশি এবং কোন নৌযান নির্ধারিত এলাকার বাইরে যাচ্ছে—এসব তথ্য বিশ্লেষণ করা সম্ভব হবে।
প্রকল্পটির আরেকটি লক্ষ্য হলো সামুদ্রিক নৌযানসংক্রান্ত তথ্য দেশের নিজস্ব অবকাঠামোয় সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা। স্থানীয় সার্ভার ব্যবস্থার মাধ্যমে তথ্যের নিয়ন্ত্রণ দেশের হাতে রাখার পাশাপাশি বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে মহাকাশে থাকা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবার জন্য তৈরি।
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, উত্তাল ঢেউ কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই নৌযান বিপদে পড়ে। বিশেষ করে উপকূল থেকে অনেক দূরে গেলে অনেক নৌযান মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। ফলে দুর্ঘটনা বা দুর্যোগের সময় নৌযানের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে নিখোঁজ নৌযান খুঁজতে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালাতে হয়।
প্রস্তাবিত এআইএস ব্যবস্থা চালু হলে এআইএস সুবিধাসম্পন্ন নৌযানের অবস্থান ও গতিবিধি দূর থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে কোনো নৌযান বিপদে পড়লে তার অবস্থান শনাক্ত করে উদ্ধার তৎপরতা পরিচালনায় নৌবাহিনী ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সহায়তা পেতে পারে। তবে এ সুবিধা পেতে নৌযানে প্রয়োজনীয় এআইএস যন্ত্রপাতি ও সংযোগ থাকা গুরুত্বপূর্ণ।
নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে যাত্রাপথ পরিকল্পনা করলেও জ্বালানি সাশ্রয়ের সুযোগ তৈরি হতে পারে। বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করা গেলে একটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার পর্যন্ত ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে মোট ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাতেও এ প্রযুক্তি কাজে লাগতে পারে। কোন এলাকায় কতগুলো নৌযান যাচ্ছে, কখন মাছ ধরছে এবং কখন উপকূলে ফিরছে—এসব তথ্য দীর্ঘমেয়াদে সংরক্ষণ ও বিশ্লেষণ করে সামুদ্রিক মৎস্য আহরণের একটি তথ্যভান্ডার গড়ে তোলা সম্ভব হবে। এর মাধ্যমে কোনো এলাকায় অতিরিক্ত মাছ আহরণের প্রবণতা এবং বিভিন্ন অঞ্চলে মাছ ধরার কার্যক্রমের পরিবর্তন পর্যবেক্ষণ করা যেতে পারে। এতে টেকসই মৎস্য ব্যবস্থাপনা, সামুদ্রিক প্রজাতি সংরক্ষণ এবং অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ ধরা প্রতিরোধের পরিকল্পনা প্রণয়নে সহায়তা মিলতে পারে।
তবে এআইএস প্রযুক্তির কাজ সরাসরি সমুদ্রে মাছের অবস্থান শনাক্ত করা নয়। এর মূল উদ্দেশ্য নৌযানের পরিচয় ও গতিবিধি পর্যবেক্ষণ করা। সমুদ্রের কোথায় মাছের উপস্থিতি বেশি, তা জানতে পানির তাপমাত্রা, রঙ, ক্লোরোফিলের মাত্রা, প্ল্যাঙ্কটনের উপস্থিতি ও সমুদ্রস্রোতের তথ্য বিশ্লেষণ করতে হয়। এসব ক্ষেত্রে স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের পাশাপাশি সোনার ও ইকো-সাউন্ডারের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। অর্থাৎ এআইএস নৌযানের অবস্থান জানাবে, আর সমুদ্রবিজ্ঞানভিত্তিক প্রযুক্তি মাছের সম্ভাব্য অবস্থান সম্পর্কে ধারণা দেবে।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এই সম্পদের সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
তিনি বলেন, প্রস্তাবিত স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে কোনো নৌযান দুর্ঘটনা বা দুর্যোগের কবলে পড়লে দ্রুত তার অবস্থান শনাক্ত করে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তা পাওয়া যাবে।
মুহাম্মদ ইমাদুর রহমান আরও বলেন, বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব স্যাটেলাইট ও সার্ভার অবকাঠামোর মাধ্যমে সংরক্ষণ ও ব্যবস্থাপনার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। তাঁর মতে, এ উদ্যোগ সামুদ্রিক অর্থনীতির উন্নয়ন, জেলেদের নিরাপত্তা এবং সামুদ্রিক সম্পদের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।
বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে স্যাটেলাইটভিত্তিক নজরদারি সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সূত্র: বাসস
