Thursday, November 12, 2026
27 C
Dhaka

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ১৪...
Homeজাতীয়সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে বৈধ ইটভাটার মালিকদের হয়রানি না করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। ইটভাটা মালিকদের পক্ষে আইনজীবী মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ শুনানিতে অংশ নেন।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, মানবাধিকার ও পরিবেশবিষয়ক সংগঠন এইচআরপিবির করা জনস্বার্থের মামলায় ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল জারির পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পরে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতে আবেদন করে আগের আদেশ সংশোধনের অনুরোধ জানানো হয়। তবে আদালত অবৈধ ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই নির্দেশনার পর উচ্ছেদ অভিযান শুরু হয়।

পরবর্তী সময়ে ইটভাটা মালিকদের পক্ষ থেকে জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটাগুলোকে আদেশের আওতার বাইরে রাখার আবেদন করা হয়। শুনানি শেষে হাইকোর্ট আবেদন সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের আগের নির্দেশ বহাল রাখেন।

মনজিল মোরসেদ আরও জানান, হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে বিভিন্ন ইটভাটার মালিক একাধিক আপিল করে স্থগিতাদেশ চেয়েছিলেন। তবে তাঁরা স্থগিতাদেশ পাননি। পরে আপিলগুলো আপিল বিভাগে খারিজ হয়।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি বিভিন্ন অবৈধ ইটভাটার মালিক আবার কার্যক্রম শুরু করার চেষ্টা করছেন—এমন খবর পেয়ে এইচআরপিবির পক্ষ থেকে আদালতে নতুন আবেদন করা হয়। আবেদনে অবৈধ ইটভাটা অপসারণসংক্রান্ত আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন চাওয়া হয়।

আবেদন শুনে হাইকোর্ট সব অবৈধ ইটভাটা বন্ধে আগের নির্দেশনা অনুসারে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেন। একই সঙ্গে তাঁদের নেওয়া পদক্ষেপের প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে। তবে বৈধ ইটভাটার মালিকদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন আদালত।